আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে পারেন নেইমার জুনিয়র। এমন গুঞ্জনের খবর জানিয়েছিল ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো। গুঞ্জন সত্যি হয়নি। আগামী ১৭ই জুলাই সান্তোস ক্লাবে যোগ দেবেন ৩৪ বছর বয়সী এ তারকা। রেই পেলে প্র্যাকটিস সেন্টারে অনুশীলন করবেন নেইমার। অবশ্য নেইমার যোগ দেয়ার আগের দিন রিও ডি জেনিরোয় বোতাফোগোর বিপক্ষে ম্যাচ খেলবে সান্তোস। এরপর কোপা সুদামেরিকানায় ইউসিভির বিপক্ষে খেলবে ক্লাবটি। সেই ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় ব্রাজিল। এরপর পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় যান নেইমার। সেখানেই মেয়ের জন্মদিন উদযাপন করেন সান্তোসের এই তারকা ফরোয়ার্ড।
সান্তোস ক্লাব সূত্রে জানা গেছে, বাকি খেলোয়াড়দের চেয়ে বেশি ছুটি পেয়েছেন নেইমার। বিশ্বকাপ শুরুর আগে চোটে পড়েছিলেন। এরপর পুরোটা সময় জাতীয় দলের সঙ্গেই ছিলেন নেইমার। চোট থেকে ফেরায় তাকে বাড়তি কয়েকদিনের বিশ্রাম দিয়েছে ক্লাব। নেইমারের আগে দলে যোগ দিচ্ছেন প্যারাগুয়ের ফরোয়ার্ড গুস্তাভো ক্যাবায়েরো। ১৪ই জুলাই অনুশীলনে ফিরবেন তিনি। এ মৌসুমের শুরুতে ইংল্যান্ডের ক্লাব পোর্টসমাউথে ধারে খেলেছেন ক্যাবায়েরো। সেই মেয়াদ শেষ হওয়ায় এখন সান্তোসের মূল দলে ফিরছেন তিনি। প্যারাগুয়ের গ্রুপ পর্বের ম্যাচগুলোয় বেঞ্চেই ছিলেন ক্যাবায়েরো। শেষ বত্রিশে জার্মানির বিপক্ষে নাটকীয় জয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন তিনি। শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় প্যারাগুয়ে। সেই ম্যাচেও ছিলেন তিনি।
এই বিশ্বকাপ অভিজ্ঞতা নিয়েই এবার সান্তোসের জার্সিতে ফেরার পালা ক্যাবায়েরোর। চলতি মৌসুমে সান্তোসের হয়ে ১৫ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট নেইমারের। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। মৌসুম শেষের আগেই বিদেশি ক্লাব থেকে প্রস্তাব পাওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তবে নতুন মৌসুমে থাকা না-থাকা নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানায়নি সান্তোস।
