‘পরবর্তী ১৫-২০ বছর ইয়ামালের’

ফন্ট সাইজ:

কোচ জাভি হার্নান্দেজের চোখে আগামী ১৫-২০ বছর বিশ্ব ফুটবলে ছড়ি ঘোরাবেন লামিন ইয়ামাল। তাকে নিয়ে স্মৃতিচারণ করা দ্য অ্যাথলেটিকের কলামে এমনটা জানান স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। জাভি বলেন, ‘ উচ্চাকাঙ্ক্ষা, মনোভাব এবং দৃঢ়তা বজায় থাকলে সে যুগের তারকা হতে পারে। আমরা এমন একজন বিশ্বমানের তারকাকে দেখছি যে তার প্রজন্মের সেরা খেলোয়াড় হতে পারে। সে ইতিমধ্যে তার প্রজন্মের শীর্ষ পাঁচজনের একজন। তবে আমার কাছে সে আলাদা। লামিন যদি চায়, তবে আগামী ১৫ থেকে ২০ বছর তার।’ লা মাসিয়াতে প্রথমবার ইয়ামালের খেলা দেখে চমকে যান জাভি। এতটাই মুগ্ধ হন যে, বার্সেলোনার মূল দলে জায়গা করে দেন। সেই স্মৃতি মনে করে জাভি লিখেছেন, ‘প্রথমবার আমি তাকে ক্লাবের রেকর্ড করা একটি যুব দলের ম্যাচে দেখি।

তার বয়স তখন ১৫ এবং সেদিন সে একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিল। দু’টি অ্যাসিস্ট এবং একটি গোল করেছিল।’ মাঠে ইয়ামালের দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা ও শান্ত স্বভাব জাভিকে আলাদা করে আকর্ষণ করে। তিনি বলেন, ‘এই ছেলেটি ১৫ বছর বয়সে অনুশীলনে এলো এবং আপনি তখনই বুঝতে পারছিলেন যে তার মধ্যে আলাদা কিছু আছে, বিশেষ কিছু আছে। সে সত্যিই খুব ভালো ড্রিবল করতো। সে চমৎকার সব সিদ্ধান্ত নিতো, খুব কমই ভুল করতো। আমি দেখতে পাচ্ছিলাম যে সে প্রস্তুত।’ মেসির সঙ্গে ইয়ামালের তুলনা এড়ানো কঠিন বলে স্বীকার করেছেন জাভি। তবে মেসির সঙ্গে তুলনা করে ইয়ামালের ওপর বাড়তি চাপ তৈরি করা ঠিক হবে না বলে জানান জাভি। তিনি বলেন, ‘লিও’র সঙ্গে তার অনেক মিল আছে।

কিন্তু আমি মনে করি না যে তাকে সর্বকালের সেরার সাথে তুলনা করে আমরা ছেলেটির কোনো উপকার করছি। এটি তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। লামিন জানে যে সে আলাদা। যখন আপনি তাকে দেখেন এবং তার আশেপাশে থাকেন, তখনই তা বুঝতে পারবেন। ঠিক যেমন লিও জানতো যে সে আলাদা।’ ইয়ামালের বয়স এখন ১৮। ইতিমধ্যে তিনটি লা লিগা শিরোপা, একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে খেলছেন। জাভির বিশ্বাস সবকিছু ঠিক থাকলে ইয়ামাল হতে পারেন এই প্রজন্মের সেরা খেলোয়াড়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন