কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার পেলেন এক অভিনব সম্মান — তার নামে নামকরণ হয়েছে একটি নতুন আবিষ্কৃত সামুদ্রিক শামুক প্রজাতির। স্প্যানিশ গবেষক হেসুস ওর্তেয়া ক্যারিবীয় অঞ্চলে প্রায় চার মিলিমিটার আকারের একটি ছোট লাল সামুদ্রিক শামুক আবিষ্কার করেন, যা এতদিন বিজ্ঞানের অজানা ছিল এবং তার প্রকাশিত গ্রন্থ "Historias de la Bioadversidad"-এ এটি বর্ণনা করা হয়। প্রজাতিটির নাম রাখা হয়েছে Aldisa vozinhai। হাভানা, কিউবা এবং গুয়াদেলুপের কাছাকাছি ক্যারিবীয় জলে প্রজাতিটি আবিষ্কৃত হয়।
স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ম্যাচসেরা হওয়া ভোজিনিয়ার সম্মানে ওর্তেয়া তার বই প্রকাশের সময় বেছে নেন বিশ্বকাপ চলাকালীনই, যেখানে ভোজিনিয়া সাতটি সেভ করে দলকে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে পয়েন্ট এনে দেন । প্রতিবেদন অনুযায়ী, এই নামকরণের মাধ্যমে ওর্তেয়া কেপ ভার্দের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে চেয়েছেন।
এটাই প্রথম নয় — এর আগে ২০১৯ সালে ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক কোস্টা রিকা ও রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক কেইলর নাভাসের নামেও একটি নতুন সামুদ্রিক শামুক প্রজাতির নামকরণ করেছিলেন।
বিশ্বকাপে ভোজিনিয়ার উত্থানও কম নাটকীয় নয়। তার ছোট ভাই দেলমিরোও কেপ ভার্দের ফুটবলার ছিলেন এবং সাইপ্রাসের দ্বিতীয় বিভাগের বিভিন্ন ক্লাবে খেলেছেন, আরেক ভাই ক্লেইদির ব্রাজিলে গণিতের শিক্ষক। স্পেন ম্যাচের পর ব্রাজিলিয়ান সম্প্রচারকারী CazéTV ও পর্তুগিজ সম্প্রচারকারী LivemodeTV-র কভারেজে এবং সমর্থকদের এক মিলিয়ন ফলোয়ার পূর্ণ করার প্রচারণায় কয়েকদিনের মধ্যেই তার ইনস্টাগ্রাম ফলোয়ার ১৭ মিলিয়নের বেশি ছাড়িয়ে যায়। গোল.কম-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী তা এখন ২৮.৫ মিলিয়নে।
জন্ম মিন্দেলুতে, ২০১২ সাল থেকে জাতীয় দলে খেলা ভোজিনিয়া এবারের বিশ্বকাপে স্পেন ও সৌদি আরবের বিপক্ষে ক্লিন শিট রাখেন এবং শেষ ষোলোতে বিদায়ী চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স দেখান। স্পেন ম্যাচে তিনি ৪০ বছর ১২ দিন বয়সে কোনো দেশের বিশ্বকাপ অভিষেক ম্যাচে খেলা সর্বোচ্চ বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন। যা একদিন আগে কুরাসাওয়ের এলয় রুমের গড়া রেকর্ড ভেঙে দেয়। চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট ভোজিনিয়াকে নিয়ে ইতোমধ্যে ইউরোপ ও এমএলএসের একাধিক ক্লাবের আগ্রহের খবরও পাওয়া যাচ্ছে।
সাগরের শামুকে গোলরক্ষক ভোজিনিয়া
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১১ জুলাই (শনিবার), ২০২৬, ২ঃ০৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
