দুবাইয়ে অ্যাপার্টমেন্ট থেকে পড়ে ব্রাজিলীয় সুন্দরীর মৃত্যু, তদন্তে পুলিশ

দুবাইয়ে অ্যাপার্টমেন্ট থেকে পড়ে ব্রাজিলীয় সুন্দরীর মৃত্যু, তদন্তে পুলিশ

ফন্ট সাইজ:

দুবাইয়ের একটি ২৭ তলা আবাসিক ভবন থেকে পড়ে মারা গেছেন ব্রাজিলের ২৬ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাওয়ানা বিলহার। ঘটনাটি ঘটার সময় তার সঙ্গী বারবারা আব্রান্তেস অ্যাপার্টমেন্টের ভেতরেই ছিলেন বলে জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই বারবারা এক বন্ধুর কাছে আতঙ্কিত কণ্ঠে একটি ভয়েস মেসেজ পাঠান। ওই বার্তায় তিনি সাহায্য চান। অনুরোধ করেন, যেন তার বাবা-মা ঘটনাটি জানতে না পারেন। কাওয়ানার মৃত্যুর তদন্তে দুবাই পুলিশ বারবারার সাক্ষ্য এবং ওই ভয়েস মেসেজ পর্যালোচনা করছে। এ পর্যন্ত পুলিশ কোনো সম্ভাবনাই উড়িয়ে দেয়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরীক্ষা করছেন এবং এটি দুর্ঘটনা, আত্মহত্যা, হত্যাকাণ্ড নাকি নারীহত্যার ঘটনা- সব দিক থেকেই তদন্ত চলছে।

বারবারাই কাওয়ানার পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানান। পুলিশকে তিনি বলেছেন, ঘটনার আগে তাদের সম্পর্ক স্বাভাবিক ছিল এবং দু’জনের মধ্যে কোনো সমস্যা ছিল না। ঘটনার কয়েক সপ্তাহ আগে কাওয়ানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি বৃটিশ শর্টহেয়ার বিড়াল এবং বড় একটি গোলাপের তোড়া নিয়ে দেখা যায়। তিনি লিখেছিলেন, তার প্রেমিকা তাকে এই বিড়ালটি উপহার দিয়ে জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ করেছেন। কাওয়ানা লিখেছিলেন, আমার স্বপ্নে বিশ্বাস করার জন্য তোমাকে ধন্যবাদ, যখন আমি নিজেই সেই স্বপ্নে বিশ্বাস করতে ভয় পাচ্ছিলাম। তিনি আরও লিখেছেন, আমি এখন সম্পূর্ণ পরিপূর্ণ, সুখী এবং তোমাকে আগের চেয়ে আরও বেশি ভালোবাসি।

প্রতিবেদন অনুযায়ী, কাওয়ানার মৃত্যুর পর বারবারার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে। কাওয়ানার মা দারলা বিলহার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি লিখেছেন, তুমি যে শূন্যতা রেখে গেছ, তা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই। তিনি আরও লিখেছেন, আজ তুমি আমার পাশে নেই, যেমনটি আমি স্বপ্ন দেখতাম। কিন্তু তুমি চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে। আমি তোমাকে অসীম ভালোবাসি, আমার মেয়ে। আবার যেদিন দেখা হবে, সেদিন পর্যন্ত ভালবাসি।

কাওয়ানার ইনস্টাগ্রামে ২০ হাজারেরও বেশি অনুসারী ছিলেন। তিনি নিয়মিত বিলাসবহুল ভ্রমণ, দামি পণ্য এবং দুবাইয়ের জীবনযাপন নিয়ে পোস্ট করতেন। দুবাই পুলিশ মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিকে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন