ইউরোপের বাজারে নরওয়ের জার্সির জন্য হাহাকার

ইউরোপের বাজারে নরওয়ের জার্সির জন্য হাহাকার

ফন্ট সাইজ:

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল মাঠে নামছে ইংল্যান্ড ও নরওয়ে। এর আগেই নাকি ইউরোপের বাজারে ফুরিয়ে গেছে নরওয়ে জাতীয় ফুটবল দলের জার্সি! নাইকি ও অন্যান্য অফিসিয়াল রিটেইলারদের আউটলেটগুলোতে মার্চে জার্সিটি বাজারে আসার পর থেকেই ‘আউট অব স্টক বা স্টক খালি হয়ে যাওয়ার খবর আসছে। নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) স্বীকার করেছে যে, তারা জার্সির চাহিদার সঠিক পূর্বাভাস দিতে মারাত্মকভাবে ভুল করেছে।

ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর নতুন জার্সি বাজারে আসার সাথে সাথেই লুফে নিচ্ছেন সমর্থকরা। সঙ্গে ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং ব্রুট হালান্দের আকাশচুম্বী জনপ্রিয়তা তো আছেই। এমনকি কিছু ভক্ত নাকি সারারাত দোকানের সামনে তাঁবু খাটিয়ে অপেক্ষা করছেন কেবল একটি জার্সির জন্য!

এনএফএফ-এর কমার্শিয়াল ডিরেক্টর রুনার পাহর আন্দ্রেসেন বিবিসি-কে বলেন, ‘চাহিদা আমাদের পূর্বাভাসের চেয়ে অনেক বেশি। গত বছরের এই সময়ে যেখানে ৫০,০০০ জার্সির অর্ডার ছিল, সেখানে এবার খুচরা বিক্রেতারা প্রায় ২,৫০,০০০ জার্সির অর্ডার দিয়েছেন।’

তিনি আরও জানান যে, তারা এই জার্সি বিক্রি থেকে রেকর্ড পরিমাণ আয় করেছেন। তবে চলমান বিশ্বকাপের মাঝে উৎপাদন রাতারাতি বাড়ানো বেশ চ্যালেঞ্জিং।

ওসলুর তোর্শভ স্পোর্টের স্টোর ম্যানেজার অ্যান্ডার্স লিলেবার্গ স্থানীয় গণমাধ্যমকে জানান, বুধবারের বিক্রির জন্য মঙ্গলবার থেকেই দোকানের সামনে প্রায় ৬০০ মিটার দীর্ঘ লাইন পড়েছিল। তিনি বলেন, ‘আমি এখানে অনেক বছর ধরে আছি। তবে এমন উন্মাদনা আগে কখনো দেখিনি। এটি সত্যিই অবিশ্বাস্য!’

বাজারের এই ঘাটতির সুযোগে কালোবাজারি ও রিসেল সাইটগুলোতে শুরু হয়েছে চড়া দামের খেলা। নাইকির অফিসিয়াল ওয়েবসাইটে যে হোম জার্সির খুচরা মূল্য ছিল ৮৯.৯৯ পাউন্ড (প্রায় ১০০ ডলার), সেটি এখন রিসেল সাইটগুলোতে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া ৩৫৫ পাউন্ড বা ৪৭৬ ডলারে। একইভাবে ব্ল্যাকআউট অ্যাওয়ে জার্সিটির দাম ঠেকেছে ২৩১ পাউন্ডে।

ইরাক, সেনেগাল, আইভরি কোস্ট এবং সর্বশেষ ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটা নরওয়েকে ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। অন্যদিকে, স্পনসর প্রতিষ্ঠান নাইকি ভক্তদের এই হতাশায় দুঃখ প্রকাশ করে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা নরওয়েতে নতুন ব্যাচের জার্সি সরবরাহের জন্য কাজ করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন