রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে মামলা দায়ের হয়েছে ৪৬টি। বৃহস্পতিবার সকালে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা এলাকায় ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী এলাকা থেকে ৫২ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৫৪ জন, মিরপুরে ৪১ জন, গুলশানে ২১ জন, উত্তরায় ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুইটি এন্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩ টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানান তিনি।
