জমি দখলের অভিযোগ ন্যান্সির

জমি দখলের অভিযোগ ন্যান্সির

ফন্ট সাইজ:

দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি নিজের আপন চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন। জানালেন ২০২১ সালে এক আওয়ামী লীগ নেতার সহায়তায় গ্রামের জমি দখল করেন তার চাচা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী লিখেছেন, আমার গ্রামের বাড়ি নড়াইল জেলার বড়দিয়ায়। ওখানে বাসস্ট্যান্ডের সঙ্গে লাগোয়া যে জায়গা আছে তার প্রায় অর্ধেক আমাদের জমি। আওয়ামী লীগের আমলে সেজো চাচা তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতার ক্ষমতায় দখল করেছিল। ওই সময় আইনি সহায়তা পাইনি।

ন্যান্সি আরও বলেন, সম্প্রতি আমার বড় ভাই সেখানে গিয়েছিলেন। প্রথমে চাচা গেট খুলতে রাজিই হননি। সঙ্গে একটি ভিডিও প্রকাশ করে তিনি লিখেন, সামনের খাসজমি মাদ্রাসা নির্মাণের কথা বলে কী বানিয়ে রেখেছেÑ সেটা আপনারাই দেখুন। আশা করি, এবার ন্যায়বিচার পাবো। পোস্টের মন্তব্য ঘরে অনেকেই গায়িকাকে মামলা করার পরামর্শ দিয়েছেন। উত্তরে গায়িকা জানান, করেছিলাম লাভ হয়নি। সে তখন রাজনৈতিক জোর খাটিয়ে ২০২১ সালে পুরো জায়গা বাউন্ডারি করে দখল নেয়। সেইসঙ্গে জানিয়েছেন করোনা মহামারির সময় তার বাবার মৃত্যুর পর জমি দখলের কাজটি করেছেন তার চাচা। এদিকে, বিষয়টি নিয়ে মানবজমিনকে গতকাল ন্যান্সি বলেন, বাবা মারা যাওয়ার পর পরই আমার চাচা সাঈদ আমাদের জমি দখল করে বাউন্ডারি দিয়ে দেন। সে সময় অভিযোগ জানানো হয়েছিল থানায়। তখন যদি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতো, তাহলে আমাদের জমি আগেই দখলমুক্ত হতো। কিন্তু বিএনপি ট্যাগ দিয়ে তখন আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। সে সময় যেকোনো বিষয়েই আমাকে ট্যাগ দেয়া হতো। তবে আমি বিশ্বাস করি, এবার অন্তত ন্যায়বিচার পাবো। আমাদের ভাইবোনের জমিও উদ্ধার হবে।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন