বলিউডের অ্যাকশন সিনেমা মানেই দর্শকের চোখে ভেসে ওঠে নারীদের উষ্ণ শরীর, আঁটসাঁট চামড়ার পোশাক, চোখে কালো চশমা আর গ্ল্যামারাস এক রূপ। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘বেবি ডু ডাই ডু’র প্রচারণায় এসে পর্দায় নারীদের এই যৌন আবেদনময়ী লুকের ছক নিয়েই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।
তার মতে, পর্দায় একজন নারীকে শক্তিশালী দেখাতে তাকে আবেদনময়ী রূপ দিতে হবে- এই সস্তা চিন্তাটি আসলে বলিউডের পুরুষতান্ত্রিক মানসিকতার ফসল। এই ছবিতে তিনি ভারতের প্রথম অনস্ক্রিন নারী হিটওম্যান বা সুপারি কিলারের চরিত্রে অভিনয় করেছেন। নিজের নতুন চরিত্র ‘বেবি’ প্রসঙ্গে হুমা বলেন, সিনেমায় বেবি চরিত্রটি একজন বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী খুনি। সে দেখতে বলিউডের বাকি অ্যাকশন হিরোইনদের মতো গ্ল্যামারাস নয় বরং ভীষণ সাধারণ। মুম্বইয়ের লোকাল ট্রেনে চড়া আর ১০টা সাধারণ মেয়ের মতোই তাকে দেখাবে; যাকে দেখে কেউ আঁচও করতে পারবে না যে, সে কতো বড় খুনি। হিন্দি সিনেমায় নারী খুনিদের উপস্থাপন নিয়ে অভিযোগ করে হুমা প্রশ্ন রেখে বলেন, কেন একজন নারী খুনিকে সব সময় বডি-হাগিং টাইট পোশাক পরতে হবে? কেন তাদের শুধু বাহ্যিক ফিগার আর আবেদনময়ী ইমেজে আটকে রাখা হয়? নারীদের ক্ষমতাশালী দেখাতে তাদের শরীরী প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। এই পুরো আইডিয়াটাই এসেছে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে। আমি আশা করি, আমার এই ছবি দেখার পর লেখকরা নারীদের জন্য আরও ভালো এবং বাস্তবসম্মত চরিত্র লিখবেন। ৩রা জুলাই মুক্তি পাওয়া ‘বেবি ডু ডাই ডু’ সিনেমাটি নচিকেত সামান্ত পরিচালিত ডার্ক-কমেডি থ্রিলার ঘরানার।
