যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার করিম (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান। গ্রেপ্তার শাহরিয়ার করিম ঝিনাইদহের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে ও ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এর আগে গত বুধবার সন্ধ্যায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় শাহরিয়ার ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করতে তার পাসপোর্ট ডেস্কে জমা দিলে তার নাম স্টপলিস্টে রয়েছে বলে শনাক্ত হয়। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় সন্ত্রাসবিরোধী একটি মামলা বিচারাধীন রয়েছে। যে কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় ঝিনাইদহ থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে।
