বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান মো. রাকিব (২২) নামে এক তরুণ। গতকাল বুধবার রাতে তিনি থানায় লিখিত নিয়ে উপস্থিত হন। তবে পুলিশ বলছে, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই
ওই তরুণ সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।
অভিযোগে রাকিব দাবি করেন, গত মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন এবং এতে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে। অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়ারও দাবি জানান।
অন্যায়ের বিচার হওয়া উচিত উল্লেখ করে মো. রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচটি দেখার পর থেকে তিনি ও তার অভিযোগের সাক্ষীরা চরমভাবে ভেঙে পড়েছেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি।’ তাই একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল ওসি মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।’
