আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ সুপার এইট পর্বে ওঠা দলের অধিকাংশ সদস্যকে রেখে এই স্কোয়াড সাজানো হয়েছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে স্মরণীয় জয় তুলে নিয়েছিল জিম্বাবুয়ে। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পর নতুন উদ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে স্বাগতিকরা।
দলের নেতৃত্বের দায়িত্বে থাকছেন সিকান্দার রাজা। স্কোয়াডে নতুন সংযোজন কেবল দুজন—তরুণ পেসার নিউম্যান নিয়ামহুরি ও ব্যাটার মিল্টন শুম্বা। নিয়ামহুরির এখনও টি-টোয়েন্টি অভিষেক হয়নি, অন্যদিকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই ফরম্যাটে ফিরছেন শুম্বা।
চলতি বছর ইনজুরি প্রতিস্থাপন হিসেবে বিশ্বকাপ দলে যোগ দেওয়া বেন কারানও দলে জায়গা ধরে রেখেছেন এবং এই সিরিজেই তাঁর টি-টোয়েন্টি অভিষেক হতে পারে। তবে বাঁ হাতে ফ্র্যাকচারের কারণে দলের বাইরে আছেন গ্রেইম ক্রেমার। এছাড়া বিশ্বকাপ দলে থাকা ব্রেন্ডন টেলর ও টনি মুনিয়ঙ্গাও এবারের স্কোয়াডে জায়গা পাননি।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যা শুরু হবে ১৫ই জুলাই থেকে। হারারেতে চলমান ওয়ানডে সিরিজের পর এই টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়েই শেষ হবে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর।
স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, তিনোতেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।
সিরিজ সূচি
প্রথম টি-টোয়েন্টি: ১৫ জুলাই
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৭ জুলাই
তৃতীয় টি-টোয়েন্টি: ১৯ জুলাই
জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ
বিশ্বকাপ দলের ওপরই আস্থা জিম্বাবুয়ের
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
৯ জুলাই (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ২৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
