রাজশাহীতে অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগ

ফন্ট সাইজ:

রাজশাহীর পুঠিয়ায় বাবা-মা হারা ১২ বছরের এক অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাওন নামে এক প্রভাবশালী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত শাওন ওই এলাকার সাইদুল ইসলামের ছেলে।

ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। ভুক্তভোগী শিশু জানায়, জোর করে শাওন তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। অবুঝ শিশুটির এই ভয় কাজে লাগিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে শাওন। স্থানীয়রা জানান, জন্মের দুই বছরের মাথায় বাবাকে হারায় শিশুটি। এরপর সন্তানের মায়া ত্যাগ করে অন্যের সংসারে চলে যান মা। নুন আনতে পান্তা ফুরানো প্রতিবন্ধী নানা-নানির পরিবারে ঠাঁই হয় তার। পড়াশোনা তো দূরের কথা দু’বেলা খাবার জোটে না।

স্থানীয়দের অভিযোগ এর আগেও একাধিক নারীকে ধর্ষণ করে অভিযুক্ত শাওন। প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না কেউ। তবে এবার অসহায় শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার সর্বোচ্চ শাস্তি দাবি করেন এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন