সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে শিক্ষা ও মানবিক সহায়তার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। গতকাল মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্তা ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত শিক্ষার্থী এবং নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসের বলেন, একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্ব অপরিসীম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্তা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা এবং এতিম শিশুদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। সরকারের এ ধরনের সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মুমিনুল হক, মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত। এ সময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মো. হেলু মিয়া, বকশি মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপি’র নেতৃবৃন্দ, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এম নাসের রহমান মৌলভীবাজার সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, জাতিসত্তা ও ক্ষুদ্র সম্প্রদায়ভুক্ত ৫৬ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। একইসঙ্গে সদর উপজেলার পাঁচটি নিবন্ধিত বেসরকারি এতিমখানার অনুকূলে মোট ১৫ লাখ ৩৬ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পরে এম নাসের রহমান সদর উপজেলায় তার জন্য বরাদ্দকৃত অফিসকক্ষে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি-দাওয়া ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। একইদিন তিনি রাজনগর উপজেলায় তার জন্য বরাদ্দকৃত অফিসেও উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনদাবি নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা ও রাজনগর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
