ডুবে থাকা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন ৫ ফুট উঁচু করা হবে : রেল প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের বিভিন্ন স্থানে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন প্রায় পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। বুধবার সকালে নগরের ষোলশহর, মুরাদপুর, সুন্নিয়া মাদ্রাসা ও শমসেরপাড়া এলাকায় জলাবদ্ধতায় প্লাবিত রেললাইন পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে দেখা যায়, ষোলশহর স্টেশন থেকে সুন্নিয়া মাদ্রাসা হয়ে শমসেরপাড়া পর্যন্ত বিস্তীর্ণ অংশে রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও স্রোতের তোড়ে রেললাইন ও পাশের খালের সীমারেখা আলাদা করে বোঝা যাচ্ছে না। কয়েকটি স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় কর্মকর্তারা হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন রেলসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেলপথ উঁচু করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটির দরপত্র প্রক্রিয়া চলছে। কাজ শেষ হলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও রেল চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে বিভিন্ন স্থানে দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি জমেছে। এমন পরিস্থিতিতে ট্রেন চলাচল অব্যাহত রাখলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। তাই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। যেসব যাত্রী অগ্রিম টিকিট কেটেছেন, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত পাবেন। রেলওয়ে সূত্র জানায়, রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী চার জোড়া আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে এ রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর আগে পর্যটক এক্সপ্রেস দীর্ঘ সময় ষোলশহর স্টেশনে আটকে থাকার পর নিরাপত্তার কারণে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরিয়ে নেয়া হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন