ভোলার লালমোহনে বিপুল পরিমাণের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত ৩টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহনের সদস্যরা গোপন সংবাদে উপজেলার বদরপুর ইউনিয়নের ধূমকেতু আবাসন সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে তিনটি গুদামে তল্লাশি চালান।
এ সময় ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের মূল্য ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। যার জন্য এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ছাড়া জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে বিনষ্ট করা হয়েছে।
