খুলনা বিভাগের ৭০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সাংবাদিকদের মাঝে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এম ফরহাদ হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের বাগেরহাট জেলা প্রতিনিধি আবু সাঈদ শুনু, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, খুলনার সাংবাদিক নেতা মাকসুদ আলী, নড়াইল রিপোর্টার ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের নড়াইল জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রিন্টু প্রমুখ। ২০২৫-২৬ অর্থবছরে চতুর্থ কিস্তিতে গতকাল খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার ৭০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের অনুদানের ২০ লাখ ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
