দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে গোলাপ হোসেন (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা মকলেছার রহমান (৬৫) আহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর বেতদীঘি ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গোলাপ হোসেন। তিনি ওই গ্রামের মোখলেছার রহমানের ছেলে। আহত মোখলেছার রহমানের চিকিৎসা দেয়া হয়েছে।
বেতদীঘি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সকালে মোখলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন ধানের বীজ রোপণ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তারা দু’জনই গুরুতর আহত হয়ে জমিতে পড়ে যান। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানান।
পরে স্বজনেরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। একইসঙ্গে আহত মোখলেছার রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় নিহত গোলাপ হোসেনের চাচা ফয়জুল ইসলাম ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
