কিশোরগঞ্জের হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, লুটপাট

কিশোরগঞ্জের হাওরে লাশবাহী নৌকায় ডাকাতি, লুটপাট

ফন্ট সাইজ:

হাসপাতালে মারা যাওয়া নবজাতকের লাশ নিয়ে বাড়িতে যাওয়ার পথে কিশোরগঞ্জের করিমগঞ্জের হাওরে একটি ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৌকায় থাকা মৃত নবজাতকের স্বজনদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ছাড়া নৌকাটির সোলার প্যানেলের ব্যাটারিও তারা খুলে নিয়ে যায়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইচগেট সংলগ্ন হাওরে লাশবাহী নৌকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মাইশা পরিবহন নামের ইঞ্জিনচালিত নৌকাটি করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে যাচ্ছিল।

চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫দিন বয়সী কন্যাশিশু মঙ্গলবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে স্বজনেরা রিজার্ভ করা নৌকাটি দিয়ে নবজাতকটির লাশ নিয়ে বাড়ি ফিরছিলেন। নৌকাটির যাত্রী মারা যাওয়া নবজাতকের দাদা আবদুল হক জানান, জন্মের পর পরই তার নাতনি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে শিশুটি মারা যায়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। আবদুল হক জানান, তাদের রিজার্ভ করা নৌকাটি করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ৬ সদস্যের ডাকাতদল তাদের গতিরোধ করে।

তারা অনেক অনুরোধ করে জানান, নৌকায় একটি শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতরা তা উপেক্ষা করে যার কাছে যা ছিল তা ছিনিয়ে নেয়। মারধরের ভয়ে তারা তিনটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা ডাকাতদের দিয়ে দেন। নৌকার মাঝি রতন মিয়া জানান, নোয়াগাঁও স্লুইচগেট এলাকায় পৌঁছালে ডাকাতরা নৌকায় উঠে ডাকাতির ঘটনা ঘটায়। ডাকাতদলটি নৌকার সোলার প্যানেলের ব্যাটারি এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে চামড়াঘাট নৌপুলিশের ইনচার্জ মো. ইস্কান্দার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নৌপুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন