ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রাজিল সমর্থক মামুন (২২) ও আর্জেন্টিনা সমর্থক সামিউল ইসলাম (২৩) আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন ঘটনা স্থল পরিদর্শন শেষে জানান অভিযোগ দিলে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
