ডাস্টবিন থাকলেও ময়লা ফেলা হচ্ছে সড়কে, ছড়াচ্ছে দুর্গন্ধ

ফন্ট সাইজ:

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করা হলেও একশ্রেণির অসচেতন মানুষ ও ফল ব্যবসায়ীর কারণে তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। জানা যায়, হাতিখানা রোডে ফলের বড় আড়তে পৌরসভা একটি বড় ডাস্টবিন তৈরি করে দিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তাদের দোকানে জমে থাকা পচা ও নষ্ট ফল ডাস্টবিনে না ফেলে সরাসরি সড়কের উপর ফেলে রাখার ফলে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এসব বর্জ্য দীর্ঘ সময় সড়কে পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

পাশাপাশি মাছি-মশার উপদ্রব বেড়ে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। ফল ব্যবসায়ীরা বলেন, কয়েকজনের দায়িত্বহীন আচরণের কারণে পুরো বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। নিয়মিত তদারকি এবং আইনগত ব্যবস্থা নেয়া হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী সরকার বলেন, পরিচ্ছন্ন শহর গড়তে শুধু ডাস্টবিন বসালেই হবে না, এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

যারা ইচ্ছাকৃতভাবে সড়কে বর্জ্য ফেলছেন, তাদের বিরুদ্ধে পৌরসভার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আরোপের দাবি জানান তিনি। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিয়ম অমান্যকারী ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বাস দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন