মৌলভীবাজার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফিতা কেটে ও ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে গেস্ট অব অনারের বক্তব্য রাখেন চাঁদপুর-৫ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মুমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপি আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক, জেলা বিএনপি সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মডেল মসজিদ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান।
ইমাম ও আলেম-ওলামাদের পক্ষে বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রসার অধ্যক্ষ মাওলানা সামসুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন মৌলভীবাজারের উপপরিচালক ফারুক আলম। মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিরনি বিতরণ করা হয়। ৪৫.৭৯ শতাংশ ভূমির উপর ৪ তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। শেষে অতিথিরা মসজিদ প্রাঙ্গণে ফলজ গাছের চারা বিতরণ করেন।
