মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় শুটকি দোকানের কর্মচারী আব্দুল আজিজের (৩৫) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। তিনি ওই বাড়ির শুটকির আড়ৎ ও দোকানের কর্মচারী ছিলেন।
জানা যায়, সোমবার ভোররাতে ব্রাহ্মণগ্রামের ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি মরদেহ পড়ে থাকার খবর লোকমুখে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশের একটি দল বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় সোলায়মান মিয়া (৪৫) নামের একজন আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই বাড়িরই বাসিন্দা সোলেমান মিয়াকে এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ করছেন। তারা বলছেন সোলায়মান মিয়া দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন।
পুলিশ জানিয়েছে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান যে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
