জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০শে জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের মাধ্যমে পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন টিসিবি ডিলাররা। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন, জেলা কুড়িগ্রাম’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা টিসিবি ডিলাররা অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ফুলবাড়ী উপজেলার টিসিবি ডিলার হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সদরের টিসিবি ডিলার রোকনুজ্জামান রোকন, মোহাম্মদ রোকন আলী, রিপন মিয়া, উলিপুর উপজেলার টিসিবি ডিলার আতাউর রহমান, চিলমারী উপজেলার ডিলার পলাশসহ আরও অনেকে। মানববন্ধনে অংশগ্রহণকারী ডিলাররা বলেন, দীর্ঘদিন ধরে টিসিবি’র কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তারা সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করে আসছেন। অথচ চুক্তি নবায়নে বিলম্ব হওয়ায় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
তাই জেলা প্রশাসকের তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দ্রুত চুক্তি সম্পাদনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা। তারা বলেন, জেলা প্রশাসকের তদন্ত রিপোর্ট দ্রুত বাস্তবায়ন করে ২০২৫ সালের নবায়নযোগ্য ডিলার এবং ৩০শে জুন ২০২৬ তারিখে মেয়াদোত্তীর্ণ নবায়নযোগ্য ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদন করতে হবে। আমাদের দাবি যৌক্তিক, তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
