জামালপুরে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী মোহাম্মদ কামরুল ইসলাম মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে অস্ত্র, বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের পাঁচরাস্তা মোড়ে অবস্থিত মনোয়ারা আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। কার্যালয়টি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত অফিস বলে জানা যায়। এ ছাড়াও কার্যালয়টিতে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির একটি সাইনবোর্ড দেখা গেছে।
পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় এক তালা মিস্ত্রির সহায়তায় অফিসের দু’টি কক্ষের তালা খোলা হয়। পরে একটি টেবিলের ড্রয়ার থেকে ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একটি কক্ষে মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে দু’টি পাইপগান, গুলি, পিস্তলের গুলি, ছয়টি ককটেল ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেম্বারটিতে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
