বিয়ানীবাজারের বিভিন্ন মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে। আঞ্চলিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার, মহল বিশেষের আইন না মানা, কতিপয় প্রধান শিক্ষকের সিন্ডিকেট, অসৎ উদ্দেশ্য হাসিল, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারদের ভুল তথ্য দেয়া, কিছু প্রতিষ্ঠানে অভিভাবকদের না জানিয়ে এবং কোনো সভা বা নোটিশ ছাড়াই ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরিচালনায় জনমনে অসন্তোষ বিরাজ করছে। গত রোববার স্থানীয় কালাইউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলীনগর ইউপি’র কাদিমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এসএমসি’র বিদ্যোৎসাহী সদস্য হাবিব আহমদ দত্ত চৌধুরী কমিটি গঠনে নানা অনিয়ম হয়েছে মর্মে উপজেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন। এতে তিনি কমিটি গঠনে পারিবারিক সিন্ডিকেট, জ্যেষ্ঠতা লঙ্ঘন, অনৈতিক কার্যকলাপ, বিধি লঙ্ঘন করে সহ-সভাপতি মনোনয়নসহ নানা অভিযোগ উত্থাপন করেন। পৌরশহরের কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক বিমল পাল বাড়ি-বাড়ি খাতা নিয়ে নিজের গঠিত পকেট কমিটির পক্ষে অভিভাবকদের স্বাক্ষর আদায় করছেন। স্থানীয়রা অভিযোগ করেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কিছু প্রধান শিক্ষক স্কুলে যোগদানের পরই একটি নিজস্ব বলয় বা সিন্ডিকেট গড়ে তোলেন।
তাদের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করতে ম্যানেজিং কমিটিতে নিজের পছন্দের লোককে অন্তর্ভুক্ত করেন। এতে স্কুল পরিচালনায় নিজের খেয়াল-খুশিমতো ব্যবস্থা নেয়া যায়। অডিট প্রতিবেদন, পাঠদানে ঢিলেঢালা মনোভাব, ইচ্ছামতো স্কুলে আসা-যাওয়া, নানারকম অনিয়ম-দুর্নীতি, ফলাফলে পরিবর্তনসহ নানা অনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে ম্যানেজিং কমিটি গঠনে এমন অনিয়মের আশ্রয় নেন শিক্ষাপ্রতিষ্ঠানের কতিপয় প্রধান।
উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর অবস্থা আরও নাজুক। ম্যানেজিং কমিটি গঠনে একাধিক বিদ্যালয়ে অশান্ত পরিবেশ তৈরির খবর পাওয়া গেছে। বিয়ানীবাজার উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেশ চন্দ্র নাথ বলেন, অনেক স্কুলের কমিটি গঠন নিয়ে অভিযোগ পাওয়া যাচ্ছে। তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, অনেক এলাকা থেকে মৌখিক অভিযোগ পাচ্ছি। তাদেরকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিছু প্রধান শিক্ষক খেয়াল-খুশিমতো কমিটি গঠন করছেন। তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
