ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে তিন সদস্যের প্রশাসক কমিটি দিলো সরকার

ফন্ট সাইজ:

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ইইউবি) তিন সদস্যের প্রশাসক কমিটি দিয়েছে সরকার। নানা অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) লাল তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়টি। এমতাবস্থায় বিদ্যমান বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) ভেঙে দিয়ে নতুন এ কমিটি দেয়া হয়। গত ৫ই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০’-এর ৩৫ (৭) ধারা অনুযায়ী এই ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’র চেয়ারম্যান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলামকে। সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াছ আল-মামুন ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মনজুরুল আলমকে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনের শর্তাবলিতে বলা হয়েছে, সাময়িকভাবে গঠিত এই প্রশাসক প্যানেল প্রাথমিকভাবে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন এবং তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী ট্রাস্টি বোর্ডের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব পরিচালনা করবেন। এই বোর্ডের মূল কাজ হবে ইউজিসি’র সঙ্গে পরামর্শ করে দ্রুততম সময়ে একটি নিয়মিত ‘বোর্ড অব ট্রাস্টিজ’ পুনর্গঠন করা এবং তা চ্যান্সেলরের অনুমোদনের জন্য পাঠানো। নতুন নিয়মিত ট্রাস্টি বোর্ড চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত হওয়ামাত্রই এ প্রশাসক প্যানেল স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে। অনিবার্য কারণে এক বছরের মধ্যে যদি ট্রাস্টি বোর্ড পুনর্গঠন সম্ভব না হয়, তবে চ্যান্সেলর এ কমিটির মেয়াদ সর্বোচ্চ আরও ছয় মাস বৃদ্ধি করতে পারবেন। কমিটিকে প্রতি তিন মাসে অন্তত একবার ইউজিসি চেয়ারম্যান বা তার মনোনীত সদস্যের সঙ্গে বৈঠক করতে হবে। প্রতি তিন মাস পর পর চ্যান্সেলরের নিকট বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও কাজের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে।

উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝিতে ইউজিসি এই বিশ্ববিদ্যালয়ের নামের পাশে ৩টি লাল তারকা চিহ্ন যুক্ত করে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্কবার্তা জারি করে। সে সময় ইউজিসি’র তদন্তে বেরিয়ে আসে- বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের মালিকানা নিয়ে তীব্র কোন্দল ও আদালতে মামলা চলছে, অনুমোদিত আসনের বাইরে অতিরিক্ত অবৈধ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে এবং আইন অনুযায়ী ১২ বছর পার হলেও তারা নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করতে পারেনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন