দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের মা মেহরুন বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ফুলবাড়ী থানা-পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মানিক ঘরজামাই হিসেবে বসবাস করতেন। তাদের তিন ছেলে রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, মানিকের বেকারত্বকে কেন্দ্র করে দাম্পত্য কলহ লেগেই থাকতো। পরিবারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে ঘুমানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মানিক ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে কুলসুমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
