উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে প্রাণ গেল যুবকের

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়া উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে মাটির ঘরের দেয়াল ধসে মো. মালেক (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃষ্টির সময় মো. এখলাসের বাড়িতে ভাত খাচ্ছিলেন মালেক। এ সময় অতিবৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মাটির ঘরের একটি দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. মালেক পশ্চিম হলদিয়া জামবাগান এলাকার ছৈয়দুর রহমানের ছেলে। হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টানা ভারী বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় মালেককে হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
উখিয়া থানার এসআই (নিরস্ত্র) উত্তম কুমার সূত্রধর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে টানা কয়েকদিনের ভারী বর্ষণে উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড়ধস ও কাঁচাঘর ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন