সিলেটের কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের চাঞ্চল্যকর জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত ১লা জুলাই পারিবারিক বিরোধের জেরে উপজেলার বড়বন্দ ৩য় খণ্ড গ্রামে করুনা সুন্দরী দীঘি সংলগ্ন রাস্তায় জাহাঙ্গীর আলমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে আসামিরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মো. আলমগীর বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের সার্বিক দিকনির্দেশনায় কানাইঘাট থানার এসআই শৈলেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার কক্সবাজার এলাকা থেকে এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কানাইঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলোÑ মৃত সিকন্দর আলীর পুত্র শামীম উদ্দিন, তার ভাই ডালিম উদ্দিন, বিলাল উদ্দিনের পুত্র তারেক উদ্দিন। কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জাহাঙ্গীর আলমকে হত্যার কথা স্বীকার করেছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
