বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা- ছেলে নিহত

ফন্ট সাইজ:

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় ফাহিমা আক্তার (২৮) এবং মো. আব্দুল্লাহ (৩) নামে মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. নাজমুল ইসলাম (৩২) আহত হয়েছেন। নিহত ফাহিমা এবং আব্দুল্লাহ জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার নাজমুল ইসলামের স্ত্রী এবং ছেলে। আহত নাজমুল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় সড়কের পাঁচপীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাজমুল তার স্ত্রী ও ছেলেকে হোমিওপ্যাথিক চিকিৎসক দেখানোর জন্য মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও জেলার সদর থানার উত্তর গড়েয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন।

পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলটি পৌঁছালে পিছন দিক থেকে একটি মাছবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে নাজমুল মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়লে পিকআপটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় তার স্ত্রী ও ছেলের উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী ও ছেলে মারা যায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় নাজমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটিকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন