উখিয়ায় ড্রামভর্তি ইয়াবাসহ নারী আটক

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার হাজীরপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি স্থানীয় কণ্ঠশিল্পী পরিচিত মোহাম্মদ ইদ্রিসের স্ত্রী। অভিযানের সময় ইদ্রিস পালিয়ে যান এবং বর্তমানে তিনি পলাতক। র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদে গত সোমবার বিকালে ৪টার দিকে হাজীরপাড়ায় ইদ্রিসের বাড়িতে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইদ্রিস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি কৌশলে সটকে পড়েন। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রীকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বসতঘর ও একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব’র দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেশমী মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। এ ঘটনায় পলাতক ইদ্রিসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ: ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন