রামগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামরুল হাসান বিএসসি (৩৬) নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রামগঞ্জ থানা পুলিশ পৌরসভার অভিরামপুর ওয়ার্ডের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২) ধারায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ৫নং আসামি কামরুল হাসানকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কামরুল হাসান উপজেলার অভিরামপুর (আলী আকবর চেয়ারম্যান বাড়ি) মৃত আলী আকবর চেয়ারম্যানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এসআই (নি.) আব্দুশ শাকুরের নেতৃত্বে এসআই (নি.) আব্বাছ আলী, এএসআই (নি.) মো. মহিউদ্দিন, কনস্টেবল আবু বকর মেহরাজসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন