মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১৮ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার নবাগত এসব কর্মচারীদের যোগদান উপলক্ষে কর অঞ্চল যশোরের উদ্যোগে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী যোগদান ও বরণ অনুষ্ঠানের। শহরের মণিহার তালতলা মোড়ের বিস্মিল্লাহ্ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই যোগদান ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যশোর কর অঞ্চলের কমিশনার মাসুদ রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ্, যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আখতার হোনের, ট্যাক্স বার যশোরের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু এবং মানবজমিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং প্রেস ক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম।
এছাড়া অনুষ্ঠানের শুরুতে নব নিয়োগপ্রাপ্ত কর্মচারীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন যশোর কর অঞ্চলের যুগ্ম কমিশনার মামুন মিয়া। অনুষ্ঠানের শুরুতে নতুন নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন কর অঞ্চল যশোরে কর্মরত সিনিয়র স্টাফবৃন্দ। এ সময় চাকরিপ্রাপ্তদের অনেকেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। কারণ বর্তমান সময়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি বিশেষ করে কর কমিশনের মতো প্রতিষ্ঠানে চাকরি পাওয়া তাদের কাছে ছিল স্বপ্নের মতো। প্রধান অতিথি তার বক্তৃতায় যশোর কর অঞ্চল প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
