প্রধানমন্ত্রীর বরিশাল সফর ১৩ই জুলাই

ফন্ট সাইজ:

আবারো বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর এই প্রথম। আগামী ১৩ই জুলাই তিনি বরিশাল সফর করবেন বলে জানা গেছে। চার মাস আগে নির্বাচনী প্রচারণায় তিনি বরিশাল এসেছিলেন। ওইদিন বরিশালের কির্তনখোলা নদীর অপর পাড়ে চরকাউয়া এলাকায় একটি খালের দু’ধারে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারি নির্দেশনা এসেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরের পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে পূর্বনির্ধারিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান।

১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চরকাউয়া এলাকার এ খালটি খনন করেছিলেন। এরপরে দীর্ঘদিন কোনো ধরনের সংস্কার না হওয়ায় খালটি মজে গিয়ে এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি করছিল। গত অক্টোবরে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পরে বরিশালের তৎকালীন জেলার প্রশাসক মো. দেলওয়ার হোসেন সরজমিন খালটি পরিদর্শন করে বিএডিসি’র একটি প্রকল্পের আওতায় পুনঃখননের নির্দেশ দেন। প্রায় ২ হাজার ৭শ’ মিটার দৈর্ঘ্য এবং ১০ মিটার প্রস্থ ও ৩ মিটার গভীর এ খালটি খনন করতে গিয়ে প্রায় ১২ লাখ ঘন মিটার পলি ও মাটি অপসারণ করতে হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ই জুলাই বরিশাল সফরকালে খননকৃত খালটি পরিদর্শনসহ এর দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এরই মধ্যে পুরো বরিশাল বিভাগের বিএনপিতে সাজ সাজ রব উঠেছে। আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ওয়াদা বরিশাল-ভোলা সেতু এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়কের কাজ শুরুর নিশ্চয়তা প্রদান করবেন। এ কারণেই প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেছেন জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপি’র সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন