ধূমকেতু এক্সপ্রেসের ছাদে কিশোরের লাশ

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে নীরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পাকশী রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে কিশোরটির মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরতরা। খবর পেয়ে পাকশী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত নীরব বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ধূমকেতু এক্সপ্রেসটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদে মরদেহটি দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল সেতু অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে নীরবের মাথায় সজোরে আঘাত লাগে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাকশী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত ট্রেনের ছাদে অবস্থান করার সময় সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগেই কিশোরটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন