ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে শ্যামবাড়ি গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক লাদেনের সঙ্গে হাতুড়াবাড়ি গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে বিষয়টি দুই গ্রামের বিরোধে রূপ নেয়। পরে মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি গ্রামের বাসিন্দাদের সঙ্গে বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। একপর্যায়ে শ্যামবাড়ি গ্রামের পক্ষে পাশের নিমবাড়ি গ্রামের লোকজনও সংঘর্ষে অংশ নেন। তিন গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম এবং কসবা থানার ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
