সীতাকুণ্ডে ড্রেন-কালভার্ট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, পানিবন্দি ৩০ পরিবার

সীতাকুণ্ডে ড্রেন-কালভার্ট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, পানিবন্দি ৩০ পরিবার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মহাদেবপুর, ইকোপার্ক-সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন ও কালভার্ট দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন সাবেক সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম কোম্পানির পরিবারসহ অন্তত ৩০টি পরিবার। গতকাল সকাল ১১টার দিকে সরজমিন দেখা যায়, এলাকার বিভিন্ন বাড়ির আঙিনা ও বসতঘরে পানি জমে রয়েছে। কোথাও কোথাও ঘরে পানি ঢুকে পড়েছে।

এতে নারী, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। পানিবন্দি পরিবারগুলো চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, ফকিরহাটস্থ সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের মহাসড়কসংলগ্ন বাজারের পশ্চিম পাশে দীর্ঘদিনের পানি নিষ্কাশনের ড্রেন ও কালভার্ট দখল করে মুকবুল সদাগরসহ কয়েকজন দোকান নির্মাণ করেছেন। ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

পানিবন্দি পরিবারগুলোর মধ্যে রয়েছেন সাবেক সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম কোম্পানি, আজম, সুলতান, তোতা মিয়া, জাহিদ, কাকন, নবীসহ প্রায় ৩০টি পরিবার। তারা অবৈধ স্থাপনা অপসারণ করে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগের বিষয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি মানবজমিনকে জানিয়েছেন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন