টানা বৃষ্টিতে নাজেহাল রাঙ্গামাটিবাসী, পাহাড় ধস ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ফন্ট সাইজ:

রাঙ্গামাটিতে পৃথক দু’টি মর্মান্তিক ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় পাহাড় ধসে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অন্যদিকে লংগদু উপজেলায় নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ দুই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনায় লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়েছিল। দুপুরে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়লে লক্ষ্মী বিলাস চাকমা মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে একইদিন সকাল ১১টার দিকে রাঙ্গামাটির লংগদু উপজেলার মহাজনপাড়া এলাকায় নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩০) ওরফে বদক্যা চাকমার মর্মান্তিক মৃত্যু হয়। তিনি উপজেলার মহাজনপাড়া এলাকার নীল কান্তি চাকমার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুতের সংযোগ লাইনে কাজ করছিলেন।

এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লংগদু থানার ওসি জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ি এলাকায় পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। ২০১৭ সালের ভয়াবহ পাহাড় ধসের পুনরাবৃত্তি এড়াতে রাঙ্গামাটি জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন