প্রতারণার মামলায় গ্রেপ্তারের পরদিন নোবেলের জামিন

প্রতারণার মামলায় গ্রেপ্তারের পরদিন নোবেলের জামিন

ফন্ট সাইজ:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে করা প্রতারণার মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহম্মেদ উভয় পক্ষের আপসের ভিত্তিতে এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। দুপুরে আদালতে হাজির করা হলে বেলা ২টা ৫৫ মিনিটে বিচারক এজলাসে ওঠেন। শুনানিকালে বিচারক বাদীপক্ষকে জিজ্ঞেস করেন, তারা আপসে আগ্রহী কিনা। জবাবে বাদী সম্মতি জানালে আপসের শর্তে জামিনের আদেশ দেন আদালত। এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বটতলা থেকে ডেমরা থানা পুলিশ নোবেলকে গ্রেপ্তার করে। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ই আগস্ট ঢাকার সিএমএম আদালতে এক তরুণী নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দেন। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হলে চলতি বছরের ২রা ফেব্রুয়ারি নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলার অন্য আসামিরা হলেন- নোবেলের স্ত্রী, তার মা নাজমা হোসেন এবং সহকারী মুনেম শাহ সৌমিক। অভিযোগে বলা হয়েছে, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস দেন নোবেল। ২০২৩ সালের ২৫শে আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি বাদীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেন এবং পরে তা ফেরত না দিয়ে আত্মসাৎ করেন। অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, এর আগে ‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে দায়ের করা এক মামলায় ২০২৫ সালের ১৯শে মে গ্রেপ্তার হন নোবেল। পরে কারাগারে বসে মামলার বাদীকে বিয়ে করার পাঁচদিনের মাথায় ২৪শে জুন তিনি জামিন পান।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন