গাজীপুর সিটি প্রশাসকের দায়িত্ব বুঝে নিলেন শওকত সরকার

ফন্ট সাইজ:

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলমের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ে গিয়ে এই দায়িত্ব বুঝে নেন। এর আগে মঙ্গলবার সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পান মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার খবরে এলাকায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার অনুসারীসহ বিএনপি’র নেতাকর্মীরা। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হলেন গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার। নতুন দায়িত্ব পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শওকত হোসেন সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কাজ করবেন। এ জন্য দলের নেতাকর্মী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপি’র সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ- অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন