বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির টং দোকানে মেরামতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন নুরুল আমীন, তাঁর স্ত্রী ও ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন অনন্তপুর গ্রামের মৃত আলী মাহমুদের ছেলে নুরুল আমীন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫৫) এবং তাদের ছেলে ফরহাদ শাহ (৩৮)।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে অনন্তপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
