লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে সশস্ত্র হামলা

ইয়েমেন উপকূলে নতুন উত্তেজনা

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে সশস্ত্র হামলা

ফন্ট সাইজ:

ইয়েমেনের হুদাইদাহ শহরের অদূরে লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ সশস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে বৃটিশ সামরিক বাহিনী। যুদ্ধবিধ্বস্ত আরব দেশটির উপকূলে এটি সর্বশেষ হামলার ঘটনা। এ খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। বৃটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (উইকেএমটিও) জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা হুদাইদাহ শহর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল বা ৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। একটি ছোট নৌকা থেকে ওই বাল্ক ক্যারিয়ার জাহাজটিকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জাহাজে থাকা নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। এরপর তারা প্রায় ২ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা একটি বড় জাহাজে গিয়ে ওঠে, যেটির স্বয়ংক্রিয় সনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছিল। বৃটিশ সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, পণ্যবাহী জাহাজ ও এর ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে হুথি বিদ্রোহীরা সম্প্রতি আবারও জাহাজগুলোতে আক্রমণ শুরু করার হুমকি দিয়ে আসছিল। এর আগে গাজা যুদ্ধের সময় লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী অঞ্চল দিয়ে যাতায়াত করা বিভিন্ন জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।

তাদের সেই ক্রমাগত হামলার কারণে বিশ্ববিখ্যাত শিপিং কোম্পানিগুলো সুয়েজ খালের সংক্ষিপ্ত পথ পরিহার করে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে দীর্ঘ পথ ঘুরে জাহাজ চলাচলে বাধ্য হয়েছিল। এর পাশাপাশি গত ১ জুলাই ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বালহাফ বন্দর থেকে ১৪০ কিলোমিটার দূরে এডেন উপসাগরে জলদস্যুদের সন্দেহভাজন আরেকটি হামলার ঘটনা ঘটে, যেখানে একটি ছোট নৌকায় আসা চার সশস্ত্র ব্যক্তি একটি জাহাজের ব্রিজে হামলা করেছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন