নতুন ভাষা শিক্ষা কমিয়ে দিতে পারে মস্তিষ্কের বয়সের গতি

নতুন ভাষা শিক্ষা কমিয়ে দিতে পারে মস্তিষ্কের বয়সের গতি

ফন্ট সাইজ:

এক সমীক্ষায় দেখা গিয়েছে যারা একাধিক ভাষায় কথা বলতে সক্ষম তাদের মস্তিষ্কের বয়স, যারা শুধু একটি ভাষায় কথা বলেন তাদের চেয়ে ৬ বছর বেশি তরুণ থাকে। নতুন কোনো ভাষা শিক্ষা মস্তিষ্কের বয়স ১৩ বছর পর্যন্ত অধিক তারুণ্য ধরে রাখতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপীয় নিউরোসায়েন্স সোসাইটির ফেডারেশন সম্মেলনে উপস্থাপিত এক গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, যারা দুটি ভাষায় কথা বলেন তাদের মস্তিষ্ক একভাষী মানুষের চেয়ে প্রায় ৬ বছর বেশি তরুণ থাকে। তিন ভাষা জানা মানুষের ক্ষেত্রে এটি ৭ বছর এবং যারা ৪ বা তার চেয়ে বেশি ভাষা জানেন, তাদের মস্তিষ্ক প্রায় ১৩ বছর পর্যন্ত বেশি তরুণ বা কর্মক্ষম দেখাতে পারে। বয়স বাড়ার সাথে সাথে মানুষের মস্তিষ্কের কোটি কোটি স্নায়ুকোষের পারস্পরিক যোগাযোগ বা কানেক্টিভিটি দুর্বল হয়ে পড়ে। ফলে স্মৃতিশক্তি এবং চিন্তার গতি কমে যায়। নতুন ভাষা শেখা এই প্রক্রিয়াটিকে ধীর করতে সাহায্য করে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। স্পেন, চিলি, আর্জেন্টিনা এবং ডাবলিনের বিজ্ঞানীরা স্পেনের বাস্ক অঞ্চলের ৭২৮ জন মানুষের ওপর ম্যাগনেটোএনসেফালোগ্রাফি প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের কার্যকারিতা পরীক্ষা করেন।

এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই তথ্য বিশ্লেষণ করা হয়। বাস্ক সেন্টারের গবেষক ডক্টর লুসিয়া আমোরুসো জানান, শুধু বেশি ভাষা জানাই নয়, বরং কোনো ভাষার ওপর কতটা দখল রয়েছে এবং কত কম বয়সে তা শেখা হয়েছে তার ওপরও মস্তিষ্কের এই সতেজতা নির্ভর করে।

এথেন্স বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্ট অধ্যাপক ক্রিস্টিনা ডাল্লা এই গবেষণাকে স্বাগত জানিয়ে স্কুল জীবন থেকে শুরু করে জীবনের যেকোনো বয়সে ভাষা শেখার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে লাফবরো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফ হোগারভোর্স্ট কিছুটা সতর্কতার কথা উল্লেখ করে বলেছেন, বহুভাষী মানুষেরা সাধারণত স্বাস্থ্যকর জীবনযাপন, বই পড়া বা বাদ্যযন্ত্র বাজানোর মতো অন্যান্য সৃজনশীল কাজের সাথেও যুক্ত থাকেন, যা তাদের মস্তিষ্ককে তরুণ রাখতে বাড়তি ভূমিকা রাখতে পারে।

Mir Hossain

১ ঘন্টা আগে

আসসালামু আলাইকুম আমি ফ্রান্সে বসবাস করতেছি প্রায় 20 বছর আমার ছেলেমেয়েরা তিন থেকে চারটা ভাসায় কথা বলতে পারে লিখতে পারে এবং কি স্কুলের কোন পড়া লেখা বাসায় পড়তে হয় না এবং কি তাদের স্কুলের রেজাল্ট খুব ভালো
তাহলে আমাদের দেশের সমস্যা কোথায়;

মন্তব্য করুন