পুনেতে ভয়াবহ ভূমিধসে চাপা পড়েছে কয়েকটি বাড়ি

পুনেতে ভয়াবহ ভূমিধসে চাপা পড়েছে কয়েকটি বাড়ি

ফন্ট সাইজ:

ভারতে মহারাষ্ট্র রাজ্যের পুনেতে সোমবার ভোরে ভয়াবহ ভূমিধস হয়েছে। এতে একটি পাহাড়ের অংশবিশেষ ধসে কমপক্ষে পাঁচটি বাড়ি মাটিচাপা পড়েছে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জরুরি অভিযান শুরু করে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ভূমিধসে একটি পরিবারের তিন সদস্য ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

লোনাভালা বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ গজানন তোম্পে বলেন, ভারী বৃষ্টির কারণে মাভালের একটি দুর্গম গ্রামে তিনটি ভূমিধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটিতে একটি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। সোমবার ভোরে ভূমিধসের সময় ওই বাড়ির ভেতরে তিনজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। জরুরি খবর পাওয়ার পর জেলা তথ্য দপ্তর দ্রুত ন্যাশনাল ডিজ্যাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)-এর সহায়তা চায়। পুনেভিত্তিক এনডিআরএফের পঞ্চম ব্যাটালিয়নের ৩০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল দ্রুত পুনের পাতান গ্রামে পাঠানো হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিধসের কারণে এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতির কারণে পুরোনো পুনে-মুম্বই মহাসড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার ও ধ্বংসস্তূপ সরানোর কাজ চলাকালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যশবন্তরাও চহ্বান এক্সপ্রেসওয়ে (পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ে)-তেও যান চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অবিরাম ভারী বৃষ্টিতে মুম্বই ও আশপাশের এলাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপাল করপোরেশন (বিএমসি) প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং জোয়ারের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) মুম্বই, থানে ও রায়গড় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাসে বলা হয়েছে, এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি প্রবল বাতাস বয়ে যেতে পারে।

জলাবদ্ধতা ও ভূমিধসের কারণে রেল চলাচলও ব্যাহত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মুম্বই ও পুনের মধ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সকাল ৮টার আবহাওয়া বুলেটিনে বিএমসি জানিয়েছে, দিনভর মুম্বই ও শহরতলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি এবং বিচ্ছিন্ন স্থানে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। নিম্নাঞ্চল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকায় বসবাসকারীদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার বিকেল ৩টা ৫৬ মিনিটে ৪ দশমিক ০৮ মিটার উচ্চতার জোয়ার এবং মঙ্গলবার ভোর ৪টা ৩৮ মিনিটে ৩ দশমিক ৪৪ মিটার উচ্চতার আরেকটি জোয়ারের পূর্বাভাস দেয়া হয়েছে। অন্যদিকে সোমবার রাত ১০টা ১৩ মিনিট এবং মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিটে ভাটার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির মধ্যে গত দুই দিনে মুম্বইয়ে গাছ উপড়ে পড়ে পৃথক দুটি ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে ৩০ জুন একটি গাছ উপড়ে চলন্ত স্কুলবাসের ওপর পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়। রোববার মুম্বইয়ের মানখুর্দ এলাকায় একটি চাওল (বহু পরিবারের আবাসিক ভবন) ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় উদ্ধারকারী দলগুলো সতর্ক অবস্থানে রয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন