৩৩ শিক্ষা ক্যাডার কর্মকর্তার বদলি পদোন্নতি পেলেন ৮২ জন

ফন্ট সাইজ:

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৩ জন কর্মকর্তার বদলি আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বদলি হওয়া সব শিক্ষা ক্যাডার কর্মকর্তা সহকারী অধ্যাপক। প্রেসিডেন্টের আদেশক্রমে বদলি আদেশে স্বাক্ষর করেন উপসচিব মো. আ. কুদ্দুস। তারা সকলেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)’তে কর্মরত ছিলেন। এদিকে পৃথক প্রজ্ঞাপনে, ৮২ জন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীকে পদোন্নতি দিয়ে কর্মকর্তা করা হয়েছে।
৩৩ জন শিক্ষা ক্যাডারের বদলির বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আগামী ৩রা মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। পদোন্নতির বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিকের (শাখা-১) উপসচিব মুন্না রাণী বিশ্বাস। এতে বলা হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী এসব কর্মচারীকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ১৬,০০০-৩৮,৬৪০/- বেতনক্রমে ‘সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার’ পদে পদোন্নতি দিয়ে নামের পাশে কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পদোন্নতি পাওয়া ৮২ জন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন