রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে অপ্রাসঙ্গিক ও পুরনো তথ্য-ছবি অপসারণ করে নতুন তথ্য সংযোজন করা হলেও জয়পুরহাটের কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সরকারি ওয়েবসাইটে এখনো বহাল রয়েছে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতির বিভিন্ন কর্মসূচির ছবি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ, বিস্ময় ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সরজমিন এলজিইডি’র সরকারি ওয়েবসাইট পর্যালোচনা করে দেখা যায়, ফটো গ্যালারিতে মাত্র দু’টি ছবি রয়েছে। উভয় ছবিই ‘মহান বিজয় দিবস-২০১৪’ শিরোনামে প্রকাশিত। ছবিতে তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের দেখা যায়। অথচ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ২০২৫ সালের ৩রা ডিসেম্বর বিকাল ৫টা ৪৮ মিনিটে সর্বশেষ হালনাগাদ করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ৫ই জুলাইও নতুন একটি বিজ্ঞপ্তি সংযোজন করা হয়েছে। কিন্তু বিতর্কিত পুরনো ছবিগুলো এখনো অপসারণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলজিইডি’র এক কর্মকর্তা বলেন, সরকারি ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ ও হালনাগাদ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট দপ্তর প্রধানের। কনটেন্ট আপডেট হওয়ার পরও যদি বছরের পর বছর একই ছবি বহাল থাকে, তাহলে সেটি অনাকাক্সিক্ষত। কালাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মণ্ডল বলেন, সরকারি দপ্তরের ওয়েবসাইটে রাজনৈতিকভাবে স্পর্শকাতর ছবি বছরের পর বছর বহাল থাকা মোটেও স্বাভাবিক নয়। বিষয়টি দ্রুত সংশোধন করা প্রয়োজন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুল আলিম বলেন, সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট কোনো রাজনৈতিক দলের প্রচারের জায়গা হতে পারে না। সেখানে পুরনো রাজনৈতিক ছবি বহাল থাকলে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হওয়াই স্বাভাবিক। বিষয়টি দ্রুত সংশোধন করা উচিত। বিগত সরকারের কর্মকাণ্ডের ছবি এখনো কালাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সরকারি ওয়েবসাইটে ভাসছে জানতে চাইলে প্রকৌশলী সুমন কুমার দেবনাথ বলেন, আসলে দীর্ঘদিন ধরে ওয়েবসাইটের পাসওয়ার্ড ছিল না। গত সপ্তাহে পাসওয়ার্ড পেয়েছি, ভালোমতো পুরো ফাইল এখনো দেখতে পারিনি। আজ মাত্র একটি বিজ্ঞপ্তি যুক্ত করেছি। সে কারণে আগের ছবি থাকতেই পারে। ওয়েবসাইটের ছবিগুলো অবশ্যই পরিবর্তন করা হবে।
