মায়ের ধর্ষককে গলা কেটে হত্যার অভিযোগ চার ছেলের বিরুদ্ধে

ফন্ট সাইজ:

ময়মনসিংহ নগরীর একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ২টার দিকে পুলিশ নগরের ৩৬ বাড়ি কলোনি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এর আগে সকালে ওই বাসায় গলা কেটে হত্যার ঘটনা ঘটে। নিহত রাজীব আহমেদ রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। ৩৬ বাড়ি কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রাজীব আহমেদ রুবেল আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় প্রায় এক মাস আগে নতুন ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন। এখানে নিজের বন্ধুদের নিয়ে থাকতেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে রুবেলকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। মরদেহের মাথার কাছে একটি মদের বোতল পায়। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় হামলাকারীরা। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে বিছানায় রুবেলকে গলাকাটা অবস্থায় দেখতে পারেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, শনিবার এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে রোববার রাজীব আহমেদ ওরফে রুবেল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

যতদূর জানতে পারছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাকে গলা কেটে হত্যা করেছে। রোববার দুপুরের দিকে ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছে। ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এক যুবকের একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা কিছু তথ্য পেয়েছি, সে অনুযায়ী আমরা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। ইতিমধ্যে মো. রনি মিয়া (২৭) ও সজল (৩৫) নামে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন