গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি

গোপালগঞ্জে যাচ্ছে না এনসিপি

ফন্ট সাইজ:

দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এবার ১৬ই জুলাই গোপালগঞ্জে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ওই দিন জেলায় দলটির স্থানীয় নেতাকর্মীরা সাংগঠনিক আলোচনা, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন। এতে কেন্দ্রীয় কোনো নেতা অংশ নেবেন না। নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি সোমবার থেকে শুরু হচ্ছে। শুরুতে প্রকাশিত সূচিতে ১৬ই জুলাই গোপালগঞ্জে পদযাত্রার কথা থাকলেও শনিবার সন্ধ্যায় কর্মসূচি ঘোষণার প্রায় এক ঘণ্টা পর সংশোধিত তালিকা প্রকাশ করে এনসিপি। সেখানে গোপালগঞ্জের কর্মসূচি বাদ দেয়া হয়। শনিবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলনে জুলাই পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করেন দলের নেতারা। এ সময় এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, প্রথম ধাপে যেসব উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে গোপালগঞ্জের একটি পৌরসভাও রয়েছে। পাশাপাশি জুলাই পদযাত্রা দেশের ৬৪ জেলাতেই অনুষ্ঠিত হবে।

তবে পরে সংশোধিত সূচিতে গোপালগঞ্জ বাদ পড়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ নিয়ে এনসিপি’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মানবজমিনকে বলেন, ১৬ই জুলাইকে সামনে রেখে আমরা আমাদের কর্মসূচির রোডম্যাপে কিছু পরিবর্তন এনেছি। গত বছরও এইদিনে আমাদের একটি কর্মসূচি ছিল, যেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এ ছাড়া আমাদের কর্মসূচিগুলো ধারাবাহিকভাবে (সিরিয়াল অনুযায়ী) চলছিল, কিন্তু এবার ১৬ই জুলাই পড়ে যাওয়ায় আমরা দিনটিকে ভিন্নভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, ১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’। এই দিনেই শহীদ আবু সাঈদকে হত্যা করা হয়েছিল। তাই ওইদিন নির্ধারিত সময়ে আমরা তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করবো।

গোপালগঞ্জের কর্মসূচি প্রসঙ্গে সারজিস আলম বলেন, সেদিন গোপালগঞ্জে আমাদের কর্মসূচি থাকলেও সেটি পদযাত্রার আদলে হবে না। সেখানে শহীদ আবু সাঈদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং একটি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন