চলতি মাসেই ফ্রান্সসহ ৩ দেশে এনআইডি কার্যক্রম শুরু করবে ইসি

ফন্ট সাইজ:

প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি মাসেই ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংস্থাটি। প্রয়োজনীয় কারিগরি অবকাঠামো স্থাপন, সফটওয়্যার ও যন্ত্রপাতি চালু এবং সংশ্লিষ্ট জনবলকে দায়িত্ব বুঝিয়ে দিতে পর্যায়ক্রমে কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইসি’র উপ-সচিব জি এম সাহাতাব উদ্দিনের সই করা ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর-সংক্রান্ত পৃথক ছয়টি সরকারি আদেশে এ তথ্য জানা গেছে। আদেশ অনুযায়ী, ১৩ই জুলাই থেকে ধাপে ধাপে তিন দেশে নির্বাচন কমিশনের টিম পাঠানো হবে।
আদেশে বলা হয়েছে, বাহরাইনে প্রথম পর্যায়ে ১৩ই জুলাই ইসি’র উপ-সচিব মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল যাবে। তারা সেখানে সাতদিন অবস্থান করে প্রয়োজনীয় কারিগরি অবকাঠামো স্থাপন, যন্ত্রপাতি পরীক্ষা এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করবেন।

এরপর ১৫ই জুলাই আইডিয়া প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালকের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল বাহরাইনে গিয়ে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত কার্যক্রম তদারকি করবে। সিঙ্গাপুরে ২৭শে জুলাই সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল যাবে। তারাও সাতদিন অবস্থান করে নিবন্ধন কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। এরপর ২৯শে জুলাই ইসি’র অতিরিক্ত সচিবের নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল সেখানে গিয়ে কার্যক্রমের সার্বিক তদারকি করবে।

অন্যদিকে, ফ্রান্সে ২০শে জুলাই ইসি’র এনআইডি অনুবিভাগের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি দল যাবে। তারা সাতদিন অবস্থান করে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন করবেন। পরে ২২শে জুলাই এনআইডি অনুবিভাগের মহাপরিচালক আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশার নেতৃত্বে দুই সদস্যের একটি ব্যবস্থাপনা দল ফ্রান্সে গিয়ে কার্যক্রমের উদ্বোধন ও বাস্তবায়ন তদারকি করবে।
সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম চালুর জন্য গঠিত ছয়টি দলের বিদেশ সফর, যাতায়াত, অবস্থান এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (ফেজ-২) থেকে বহন করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং সহজে জাতীয় পরিচয়পত্র সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন দেশে এ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। নতুন তিন দেশে কার্যক্রম শুরু হলে আরও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে না এসেই ভোটার নিবন্ধন ও এনআইডি-সংক্রান্ত সেবা গ্রহণের সুযোগ পাবেন।

বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এসব স্টেশনের মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েত সিটি, দোহা, কুয়ালালামপুর, ক্যানবেরা, সিডনি, অটোয়া, টরন্টো, টোকিও, নিউ ইয়র্ক, মায়ামি, ওয়াশিংটন ডিসি, লস অ্যানজেলেস, মালে, মাসকাট এবং প্রিটোরিয়া। ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর যুক্ত হলে বিদেশে এনআইডি সেবার আওতা আরও বিস্তৃত হবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন