আসছে ৬৯ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

ফন্ট সাইজ:

বিপুল শিক্ষক সংকট নিয়ে চলে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষক সংকট মোকাবিলায় দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে অনুমতি চেয়েছে সংস্থাটি। শূন্যপদের বিপরীতে বিজ্ঞপ্তিতে চাহিদা দেয়া হয়েছে ৬৯ হাজার ৫৭৭টি। গত বৃহস্পতিবার এই চিঠি মন্ত্রণালয়ে পাঠানো হয়। রোববার শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে। এনটিআরসিএ জানায়, নবম এনটিআরসিএ প্রবেশপর্যায়ে (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের যাচাই করা ১১৬টি বিষয়ের ৭৫ হাজার ৭৬৯টি শূন্যপদের চাহিদা মিলেছে। এতে শূন্যপদ থেকে ১৮তম নিবন্ধনধারীদের পদ সংরক্ষণ করা হয়েছে।

এর মধ্যে ৬ হাজার পদ ১৮তম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এনটিআরসিএ ৭৭ হাজার ৭৯৯টি শূন্যপদের তথ্য যাচাই করে ৬৯ হাজার ৫৭৭টি রাখে। এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন বিভাগের সদস্য নূরে আলম সিদ্দিকী বলেন, অনুমোদন পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি আমাদের রয়েছে।

এ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শিক্ষক নিয়োগ কার্যক্রম এবং প্রতিষ্ঠানপ্রধানদের মৌখিক পরীক্ষা দু’টি একসঙ্গে হবে কিনা- সেটাও জানতে চাওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে এনটিআরসিএ। গত ৯ই ফেব্রুয়ারি অনলাইনে (‘ই-রিকুইজিশন’) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদের চাহিদা আহ্বান করা হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর গত ১৫ই মার্চ এ কার্যক্রম শেষ হয়। একই সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের (ই-রেজিস্ট্রেশন) কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

বর্তমানে দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৩৪ হাজার ১২৯টি। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত রয়েছেন। এর আগে সর্বশেষ গত ৫ই জানুয়ারি নিবন্ধন সনদের ভিত্তিতে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ৮৭টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়েছিল। পরে বিভিন্ন ধাপে প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের জন্য অষ্টম গণবিজ্ঞপ্তিতে ১২ হাজার ৯৫১টি পদের কার্যক্রমও চলমান রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন